মেয়েদের অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ ফুটবলে প্রথমবার নেমে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়ে হেরেছে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষে ৩-২ গোলে হেরেছিল পিটার বাটলারের শিষ্যরা। এদিন প্রথমার্ধে চীনকে আটকে রেখে দ্বিতীয়ার্ধে গোল হজম করে ২-০তে হেরেছে বাংলাদেশ।
শনিবার থাইল্যান্ডের ননথাবুরি প্রাদেশিক স্টেডিয়ামে গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে প্রথমার্ধে অসাধারণ রক্ষণ সামলেছে বাংলাদেশ। কিছু দুর্দান্ত সেভও করেছেন গোলরক্ষক মিলি আক্তার। ম্যাচজুড়ে ১৬টি শট নেয় চীন, ৬টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে একটি শট নেয় বাংলাদেশ, যেটি লক্ষ্য বরাবর ছিল। ৩৪ শতাংশ বল দখলে রেখেছিলেন আফিদা খন্দকার-সাগরিকারা।
ম্যাচের ২৫ মিনিটে চীনের ওয়াং আইফাং ফ্রি-কিক থেকে শট নিলে বারপোস্টে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে ফের সুযোগ আসে চীনের, জিয়ে জংমেইর ক্রস থেকে শট নেন লু জিয়াউ, জালের দেখা মেলেনি এবারও। ৪৪ মিনিটে ইয়ু জিংওয়াউর শট ঠেকিয়ে দেন মিলি। গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে শুরুতেই বাংলাদেশের জালে বল জড়ায় চীন। জেং ইয়ু জিয়ার পাসে গোল করেন জিংওয়াউ। ৫৭ মিনিটে ওয়াং আফিয়াংয়ের ফ্রি-কিক সরাসরি গ্লাভসে নেন মিলি। ৭০তম মিনিটে আবারও ফ্রি-কিক পায় চীন, আফিয়াংয়ের শটে ডি-বক্সে বল পান হুয়াং জিয়াজিন, তিনি হেড করলে রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক।
ম্যাচের ৮২ মিনিটে আরও একটি ফ্রি-কিক পেলে সেটিকে গোলে রূপান্তর করেন আফিয়াংয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে একটি ফ্রি-কিক পেয়ে সুবিধা করতে পারেননি আফঈদা। ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।









