দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পাশে দাঁড়িয়ে বন্যা মোকাবেলার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে বন্যার্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য না দেবার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৩ আগস্ট) দেশবাসীর প্রতি এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তারেক রহমান।
ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাদূর্গতদের সহায়তার জন্য সরকার ও প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো মানুষ এখন নিদারুন অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময়ক্ষেপণের ও সময় নেই। বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই করে এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার।
তিনি বলেন, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে আমি সারাদেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন। বন্যা কবলিত অঞ্চলে খাদ্য ও বস্ত্র সহায়তা দিন। তাদের নিরাপত্তায় পাশে দাঁড়ান।









