অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন মামুনকে হাইকোর্টের দেওয়া সাত বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমিত দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালতে তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মো. জাকির হোসেন। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. আসিফ হাসান।
সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার আদালত তারেক রহমানকে খালাস দেন এবং ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেন। ওই রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিলের শুনানি শেষে ২০১৬ সালে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং গিয়াস উদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রাখেন। পাশাপাশি দুজনকে ২০ কোটি টাকা করে জরিমানা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন গিয়াস উদ্দিন আল মামুন। সে আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের রায় আজ স্থগিত করেন সর্বোচ্চ আদালত।









