বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে বেশ সুবিধাজনক স্থানে আছে আফগানিস্তান। সুপার এইটের পথটা পরিষ্কার করতে তাদের সামনে এবার পাপুয়া নিউগিনি। যাদের অল্প রানে গুটিয়ে দিয়ে অর্ধেক কাজ সেরে দিয়েছেন নাভিন- ফারুকী। জয়ের জন্য রশিদ খানের দলে সামনে লক্ষ্য ৯৬ রানের।
ত্রিনিদাদে শুক্রবার ভোরে টস জিতে পাপুয়া নিউগিনিকে ব্যাটিংয়ে পাঠান আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। নেমে নির্ধারিত ওভারে ৯৫ রান করে অলআউট হয় আসাদ ভালার দল।
শুরুটা একদমই ভালো হয়নি পাপুয়া নিউগিনির। ৩০ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসে পাওয়ার প্লেতে। নাভিন-উল-হক ও ফজলহক ফারুকীদের দুর্দান্ত বোলিংযে বেশ চাপে পড়ে। সর্বোচ্চ ৩২ বলে ২৭ রান করেন উইকেটরক্ষক-ব্যাটার কিপলিং ডোরিগা।
বাকিদের মধ্যে দুই অঙ্কের ঘর স্পর্শ করেন কেবল আলেই নাও (১৩) ও অধিনায়ক আসাদ ভালা (১১)। অন্যদের কেউই আর পৌঁছাতে পারেননি দুই অঙ্কের ঘরে।
আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পেসার ফারুকী। দুটি উইকেট শিকার করেন নাভিন।









