শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ। সিরিজে এক ম্যাচ জিতলেই সুখবর পাবে প্রথমবার পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেয়া মেহেদী হাসান মিরাজের দল। আইসিসি র্যাঙ্কিংয়ে উপরে উঠবে টিম টাইগার্স।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার মাঠে গড়াবে সিরিজে প্রথম ওয়ানডে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে লড়াই।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে বর্তমানে দশম স্থানে আছে বাংলাদেশ। এক ম্যাচ জিতলেই র্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে লাল-সবুজের দল। তখন ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ রেটিং হলেও ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় নবম স্থান নিশ্চিত হবে মিরাজ-শান্তদের। আর দশে নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
লঙ্কানদের হোয়াইটওয়াশ করলেও নবম স্থানের উপরে উঠতে পারবে না বাংলাদেশ। ৭ রেটিং বেড়ে যাওয়ায় ৮৩ রেটিং নিয়ে নবম স্থানেই থাকবে টাইগাররা। আবার উল্টোটাও ঘটতে পারে, লঙ্কানদের কাছে হোয়াইটওয়াশ হলে ২ রেটিং হারাবে বাংলাদেশ। তখন ৭৪ রেটিং নিয়ে দশেই থাকবে বাংলাদেশ।
অন্যদিকে ১০৪ রেটিং নিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের চারে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে সিরিজ বা এক ম্যাচ হারলে পঞ্চম স্থানে নেমে যেতে হবে তাদের। চতুর্থ স্থান ধরে রাখতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে স্বাগতিকদের।









