এশীয় শিল্প ও সংস্কৃতি সভার রজতজয়ন্তী উপলক্ষে ‘জুলাইয়ের পর: বুদ্ধিজীবীর দায় ও সংস্কৃতির প্রশ্ন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। আগামী রোববার (১৬ আগস্ট) রাজধানীতে বিকেল ৫টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে।
শিল্প, সাহিত্য, চলচ্চিত্র, দর্শন ও ইতিহাসচর্চার কেন্দ্র হিসেবে গত ২৫ বছর ধরে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এশীয় শিল্প ও সংস্কৃতি সভা। সংগঠনটির রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
রাজধানীর বাংলামোটর এলাকায় প্ল্যানার্স টাওয়ারে (৮ম তলা) সেমিনারে ‘জুলাইয়ের পর’ বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পরিসরে বুদ্ধিজীবীদের ভূমিকা, দায় এবং সংস্কৃতির বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা হবে।
রজতজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির ট্রাস্টি অধ্যাপক সালিমুল্লাহ খান। সেমিনারে সভাপতিত্ব করবেন এশীয় শিল্প ও সংস্কৃতি সভার সভাপতি জহিরুল ইসলাম কচি।
অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন তাহমিদাল জামি, সহুল আহমদ ও মিনহাজুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রজতজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে পুনর্মিলনী, সেমিনার ও মুক্ত আলোচনার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সমকালীন বুদ্ধিবৃত্তিক ও সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
সেমিনারে সংশ্লিষ্টদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে এশীয় শিল্প ও সংস্কৃতি সভা।









