পরিচালনা ক্যারিয়ারের গৌরবময় ২৫ বছর উদযাপন উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন বিশেষ টেলিছবি ‘সময় একটু থামো’। আর এই মাইলফলক উদযাপনে তার সঙ্গী হয়েছেন একঝাঁক তারকা অভিনয়শিল্পী, যার কেন্দ্রবিন্দুতে আছেন গুণী অভিনেতা আফজাল হোসেন এবং প্রতিভাবান অভিনেত্রী জাকিয়া বারী মম।
ইফফাত আরেফিন মাহমুদের গল্পে চ্যানেল আইয়ের জন্য নির্মিত হয়েছে এই বিশেষ টেলিছবিটি। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বিশেষ এই টেলিছবিটি প্রচার হবে ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে।
‘সময় একটু থামো’ টেলিছবিটির গল্প আবর্তিত হয়েছে এক চিরচেনা কিন্তু গভীর মনস্তাত্ত্বিক টানাপোড়েন নিয়ে। গল্পে দেখা যাবে, দীর্ঘ ১৫ বছর পর হঠাৎ দেখা হয় ড. আয়াজ নামের এক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে। আয়াজ তার পূর্বপরিচিত। দেড় দশকের এই দীর্ঘ বিরতির পর তাদের এই আকস্মিক দেখাকে কেন্দ্র করেই গল্পে একের পর এক নতুন মোড় আসতে থাকে। ঘটতে থাকে নানা নাটকীয় ও মজার ঘটনা। যান্ত্রিক জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া পুরোনো আবেগ, সম্পর্কের সমীকরণ এবং কিছু অমীমাংসিত প্রশ্নকে সামনে নিয়ে আসবে এই গল্প।
টেলিছবিটির মূল চরিত্রে আফজাল হোসেন এবং জাকিয়া বারী মম অভিনয় করলেও এতে আরও থাকছেন একঝাঁক জনপ্রিয় মুখ। তারা হলেন মোশাররফ করিম, ফারজানা ছবি ও রিয়া। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে রোজি সিদ্দিকীকে। এটি প্রযোজনা করেছে গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমা।









