পাকিস্তান দলের সময়টা বিশ্বকাপে আশানুরূপ যাচ্ছে না। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় সাড়ে তিনশো রানের লক্ষ্য তাড়া করে জিততে হয়েছে বাবর আজমদের। পরে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
পারফরম্যান্সের দিক থেকে পাকিস্তানের বেশকিছু সমস্যা রয়ে গেছে। বোলিং ইউনিটের খারাপ ফর্ম বাড়িয়েছে দুশ্চিন্তা। পেসার শাহিন শাহ আফ্রিদি অজিদের সঙ্গে ৫ উইকেট পেলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না।
মাঠের খেলার বাইরে ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রে এসেছেন শাহিন আফ্রিদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি তারকার দলে থাকা নিয়ে তারই নিকট আত্মীয় তুলেছেন প্রশ্ন। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর আলোড়ন তুলেছে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে একটি পাকিস্তানি টিভি শোতে অংশ নেন শহীদ আফ্রিদি ও তার শিশুকন্যা আরওয়া। তারা সম্পর্কে শাহিন আফ্রিদির শ্বশুর ও শ্যালিকা।
কথোপকথনের একপর্যায়ে আরওয়া প্রশ্ন করে- ‘বাবা, শাহিন আফ্রিদিও কি পাকিস্তান দলে আছেন?’ জবাবে শহীদ আফ্রিদি বলেন, ‘হ্যাঁ, শাহিন আফ্রিদিও পাকিস্তান দলে আছেন।’
আরওয়া তখন আবার প্রশ্ন করে- ‘কেন দলে আছে?’ এসময় সিনিয়র আফ্রিদি দেন রসাত্মক জবাব- ‘আমরা তখনই এই প্রশ্ন করবো যখন সে ভালো পারফর্ম করবে না।’
আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে চার ম্যাচে দুই জয় এবং দুই পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান।









