মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতটি ছিল বলিউড সুপারস্টার শাহরুখ খানের জন্য একটি বড় রাত। কারণ এই রাতেই তিনি তার প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন। আর তারপরেই শাহরুখ তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী বিজয়ী রানী মুখার্জী এবং চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক করণ জোহরের সঙ্গে দিল্লীর রাষ্ট্রপতি ভবনে সেলিব্রেট করেন!
শাহরুখ, রানী ও করণ জোহর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ভবনে ডিনার করেন। খাবার উপভোগ করে এই মাইলফলক উদযাপন করেছেন। এটাকে মাইলফলক বলা হচ্ছে- কারণ বলিউডের আইকনিক ফিল্ম ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার সাথে জড়িত এই তিন জন! শুধু কাজল হলেই ষোলকলা পূর্ণ হতো!
শাহরুখ, করণ, রানীসহ অন্যান্য বলিউড তারকারা ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে দিল্লী গিয়েছেন। অভিনেতা ‘জওয়ান’ ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। এটি সুপারস্টারের প্রথম জাতীয় পুরস্কার।
অন্যদিকে করণ তার ২০২৩ সালের সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র জন্য সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া রানী তার জাতীয় পুরস্কার পান, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবির জন্য।
রাষ্ট্রপতি ভবনে তাদের ভাইরাল হওয়া ছবিতে দেখা যায় শাহরুখ ও করণ জোহরের মাঝে বসে আছেন রানী। শাহরুখ ও রানী দুজনের গায়েই কালো রঙের পোশাক, যদিও করণ জোহরকে দেখা গেল সাদায়। তারা সবাই একটি ‘রিজার্ভড’ টেবিলে বসে আছেন এবং চারপাশে অনেক লোক। আলোতে লালচে আভা রয়েছে এবং টেবিলের উপরে একটি ফুলের সেন্টারপিস দৃশ্যমান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি এবং রানী মুখার্জিকে জাতীয় পুরস্কার প্রদান করেন। এছাড়াও মালায়ালাম সুপারস্টার মোহনলালকে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
চলচ্চিত্র নির্মাতা বিধু বিনোদ চোপড়া টুয়েলথ ফেলের জন্য সেরা সিনেমার পুরস্কার জিতেছেন। সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরি-র জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন। শাহরুখ এবং রানী দুজনেরই এটি প্রথম জাতীয় পুরস্কার, সেই সঙ্গে বিক্রান্তেরও। –হিন্দুস্তান টাইমস









