সৌদি প্রো লিগের এক ম্যাচে পর্তুগালের রুবেন নেভেসকে লক্ষ্য করে সমর্থকরা তার সাবেক সতীর্থ ডিয়াগ জোতার নাম ধরে স্লোগান দেন। বিষয়টি তারা কটাক্ষ করেই করেছেন। এর প্রেক্ষিতে তাদের আরেক স্বদেশী ক্রিস্টিয়ানো রোনালদো আজীবনের জন্য ফুটবল স্টেডিয়ামে সে সমর্থকদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এ ব্যাপারে আল হিলাল সৌদি আরব লিগ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছে।
সৌদি আরবের বুরাইদাহতে আল-তাউন এবং নেভেসের দল আল-হিলালের মধ্যকার ম্যাচে এই স্লোগান দেয়ার ঘটনাটি ঘটে। ২০২৫ সালের ৩ জুলাই উত্তর-পশ্চিম স্পেনের জামোরায় এক গাড়ি দুর্ঘটনায় জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান। জোটার ঘনিষ্ঠ বন্ধু নেভেস তার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন।
ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে ধারণ করা এক সমর্থকদের ‘জোতা’ বলে স্লোগান দিতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। চিৎকার করে নেভেসের দৃষ্টি আকর্ষণ করে। জবাবে তিনি নিজের চোখের দিকে এবং তারপর আকাশের দিকে আঙুল নির্দেশ করেন। ম্যাচ শেষে নেভেস বলেছেন, ‘আশা করি এরপর তারা প্রার্থনা করতে যাবে না।’
ভিডিও ফুটেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের জবাবে রোনালদো জবাব দেন। রোনালদো বলেছেন, ‘লিগ কর্তৃপক্ষের অবশ্যই পদক্ষেপ নেয়া উচিত এবং সমর্থকদের এমন আচরণের জন্য শাস্তি দেয়া উচিত। এটি আর ফুটবল নয়, এবং এর একটা সীমা থাকা উচিত। যারা এমন আচরণ করে, তাদের আর কখনোই স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেয়া উচিত নয়।’
আল-হিলাল ক্লাব তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায় , তারা এই ঘটনার বিষয়ে সৌদি আরব ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ দায়ের করেছে। সৌদি প্রো লিগের ক্লাবটি জানায় আপত্তিকর কার্যকলাপ থেকে ক্রীড়া প্রতিযোগিতার মর্যাদা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ‘খেলোয়াড় বা তাদের পরিবারকে লক্ষ্য করে এমন কর্মকাণ্ড কিংবা ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্যে করা যেকোনো কাজকে আমরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’
আল-তাউনও একটি বিবৃতি জানায়, ‘আপত্তিকর স্লোগানগুলোর তীব্র নিন্দা জানানো হল। এ ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এটি আল-তাউন, এর সমর্থক কিংবা গ্যালারির পরিচিত মূল্যবোধের প্রতিনিধিত্ব করে না। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।’









