হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ও পরিচালক সতিশ কৌশিক। তার বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার ভোর রাতে প্রয়াত হন তিনি।
অভিনেতার বন্ধু ও সহকর্মী অনুপম খের সোশাল মিডিয়ায় এই খবর প্রথম শেয়ার করেন। সতিশ কৌশিকের সঙ্গে একটি ছবি দিয়ে অনুপম খের লেখেন, ‘আমি জানি, মৃত্যুই একমাত্র সত্য। কিন্তু কখনই ভাবিনি একথা আমার সবচেয়ে ভালো বন্ধু সতিশ কৌশিককে নিয়ে লিখে হবে। ৪৫ বছরের বন্ধুত্বে ফুল স্টপ। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতিশ।’
অনুপম খের জানিয়েছেন, জানা গেছে, দিল্লীতে এক বন্ধুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন সতিশ। ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যেতে বলেন অভিনেতা। পথে গাড়িতেই রাত ১টার দিকে হার্ট অ্যাটাক হয় তার।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, আজ সতিশ কৌশিকের ময়নাতদন্ত হবে দিল্লির দীন দয়াল হাসপাতালে। তার দেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা আছে। এরপর মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
‘জানে ভি দো ইয়ারো, মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা, উড়টা পাঞ্জাবে সতিশের চরিত্র এখনও দর্শকের মনে জীবন্ত। তিনি ছিলেন একজন সফল নির্মাতাও। তার নির্মিত তেরে নাম, মুঝে কুছ কেহেনা হ্যায় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
সূত্র: হিন্দুস্তান টাইমস









