সালমান খানের কাছে ৫ কোটি রুপি চেয়ে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে হুসেন শেখ মৌসিন (২৪) নামের জামশেদপুরের এক সবজি বিক্রেতাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।
ওরলি পুলিশের একটি দল সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। পরবর্তী তদন্তের জন্য তাকে মুম্বাই নেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবী করে একটি হুমকি বার্তা আসে। এতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে।
সেই বার্তায় প্রেরক খানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে সমস্যা মেটাতে যদি তিনি ৫ কোটি টাকা না দেন, তাহলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে তার।
তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয় আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে। পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য দল পাঠায়। কিন্তু দেখা যায়, অভিযুক্ত পলাতক।
এর আগেও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান। চলতি বছরের এপ্রিলে অভিনেতার বান্দ্রার বাড়ির বাইরে গুলি চালায় এই চক্রের সন্দেহভাজন সদস্যরা।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া









