বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরব।
রোববার (১২ নভেম্বর) নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের বিরুদ্ধে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার নির্যাতন করে লাভ হবে না। দেশের ৯০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে এ দেশে আর কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের সামনে আর কোনো অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।
তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে, যারা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করে, যারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনে বিশ্বাস করে, যারা বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাস করে প্রত্যেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সাফল্যমন্ডিত করবে।
রিজভী আরও বলেন, সারা বাংলাদেশে রাস্তা-ঘাট, মহাসড়কসহ প্রত্যেকটি জায়গায় উপস্থিত হতে হবে এবং সরকারের যত জুলুম-নির্যাতন-নিপীড়ন-অত্যাচার প্রতিহত করেই তারা রাজপথে থাকবেন। বিএনপির পক্ষ থেকে সারাদেশের গণতন্ত্রকামী মানুষকে সেই আহ্বান আমরা জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, শাহবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, মতিঝিল থানার আহ্বায়ক জেকে লাভলো ডালি, খিলগাঁও থানার আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহ্বায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহ্বায়ক মো. আবু তাহের।









