নানা আলোচনার মধ্যে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যজম ভাই রোনান ও ডেকলান সুলিভান। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নেমে প্রথম ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন রোনান। শিরোপা জয়ের পর বাংলাদেশের ফুটবল উন্মাদনায় মুগ্ধ হয়েছিলেন দুই ভাই। এবার তারা বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছেন।
ছেলেদের এএফসি এশিয়ান কাপ ফুটবল অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে আসেননি রোনান ও ডেকলান। সেখানে যুক্ত হয়েছেন একাধিক প্রবাসী খেলোয়াড়। দলের সঙ্গে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা অ্যাডাম আব্বাস। সবাইকে নিয়ে বিশ্বকাপে উঠতে পারলে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে, বলছেন রোনান।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানে সাক্ষাৎকারে সাফজয়ের স্মৃতিচারণ করেছেন রোনান। বলেছেন, ‘আমার মনে হয়, আমরা যদি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করি, তবে পুরো দেশ আনন্দে ফেটে পড়বে।’
স্মৃতিচারণে পিছিয়ে নেই বাংলাদেশ দলে ডিফেন্ডার হিসেবে অভিষেক হওয়া ডেকলানেরও। বিশ্বকাপ নিয়ে তিনি বলেছেন, ‘যখনই ৬৪ দলের (বিশ্বকাপ) নিয়ে ভাবি, চিন্তা করি, মনে হয়, আমরা যদি এই খেলোয়াড়দের পাই, তাহলে আমাদের (বিশ্বকাপে) কোয়ালিফাই করার সুযোগ থাকবে। এটাই তো স্বপ্ন। এটাই চূড়ান্ত লক্ষ্য।’
এবছর সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ এর ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতে লাল-সবুজের দলটি।









