সরকার পতনের এক দফা দাবিতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোডমার্চ করেছে বিএনপি। ১৬০ কিলোমিটারের এই রোডমার্চে পাঁচটি পথসভা করেছে দলটি।
মঙ্গলবার ২৬ মার্চ দুপুর ১২টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে স্থাপন করা মঞ্চে সমাবেশ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এতে বিএনপি নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। আমরা সরকারের পদত্যাগ বাধ্য করে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবো। তারা বলেন, ‘আমরা দড়ি ধরে টান দিবো এই হীরক রাজা আর থাকবে না।’
যশোর হয়ে রোডমার্চটি শেষ হয় খুলনার শিব বাড়ি মোড়ে সমাবেশের মধ্য দিয়ে। সরকার পতনের এক দফা দাবিতে এর আগে রংপুর থেকে দিনাজপুর, বগুড়া থেকে রাজশাহী, ভৈরব থেকে সিলেট ও বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত এই চারটি রোডমার্চ করেছে বিএনপি।
আগামী ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত রোডমার্চ করবে দলটি।








