বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রিয়া চক্রবর্তীর। পেশায় অভিনেত্রী হলেও মানুষ তাকে বেশি চেনেন বিতর্কের কারণেই। ২০২০ সালের জুন মাসে মু্ম্বাইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। সেসময় অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন রিয়া চক্রবর্তী। এরপর থেকেই বাঙালি এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় বিতর্ক।
সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর মামলায় টানাটানি শুরু হয় তাকে নিয়ে। মাদক কাণ্ডে যোগ থাকার অভিযোগে কারাদণ্ডও ভোগ করতে হয়েছে তাকে। সবকিছু পেছনে ফেলে আপাতত স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় মত্ত রিয়া। কিন্তু তার কথাবার্তা, কাজকর্মের কারণে ইদানীং তিনি উঠে আসছেন সংবাদের শিরোনামে।
শোনা যাচ্ছে, এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন নিখিল কামাথের সঙ্গে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যমে রিয়া ও নিখিলের একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ের রাস্তায় নিখিলের মোটরবাইকের পিছনে বসে যাচ্ছেন তিনি। পরনে ডেনিম জ্যাকেট, মুখে মাস্ক। কিন্তু মাথায় নেই হেলমেট। বাইক চালকের মাথায় অবশ্য হেলমেট ছিল।
এর পরই নেটিজেনরা বলতে শুরু করেন, “রিয়ার জন্য আলাদা আইন না কি, মাথায় হেলমেট নেই যে!” আর এক নেটিজেন মন্তব্য করেন, “বাইক চড়ার সময় কি আর হেলমেট পরার প্রয়োজন হচ্ছে না?” তবে নেটিজেনদের সমালোচনার মুখে কোন উত্তর দেননি রিয়া।- নিউজ এইট্টিন









