ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীতে নেতৃত্ব সংকট ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে বরখাস্ত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান সিনেটর থম টিলিস।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করে ।
বুধবার ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে উত্তর ক্যারোলাইনার এই সিনেটর হেগসেথের নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, হেগসেথ সামরিক বাহিনীর দক্ষ কর্মকর্তাদের ধরে রাখার পরিবর্তে ‘নেতৃত্বের শূন্যতা’ তৈরি করছেন।
টিলিস বলেন, দেশের সামরিক সদস্যদের ব্যবস্থাপনায় তিনি এতটা ‘অদক্ষতা’ আগে দেখেননি। তার অভিযোগ, জাতীয় প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ কাজ ও সেনাসদস্যদের কল্যাণে মনোযোগ না দিয়ে হেগসেথ সাংস্কৃতিক বিতর্কে বেশি মনোযোগ দিচ্ছেন।
তিনি ট্রাম্পকে পেন্টাগনের জন্য নতুন একজন নেতা নিয়োগের আহ্বান জানিয়ে বলেন, এমন নেতা প্রয়োজন যিনি সামরিক বাহিনীর দক্ষ জনবলকে ধরে রাখবেন এবং তাদের কাজের সুযোগ দেবেন।
হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর পেন্টাগনে বেশ কিছু বিতর্কিত পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে প্রতিরক্ষা দপ্তরে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা এবং সামরিক বাহিনী থেকে তিনি যাকে ‘উইকনেস’ বলে অভিহিত করেন তা দূর করার উদ্যোগ রয়েছে। এসব পদক্ষেপের অংশ হিসেবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরখাস্ত, পদোন্নতি আটকে দেওয়া এবং ট্রান্সজেন্ডার সেনাসদস্যদের সরিয়ে দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিলিস আরও বলেন, ইউক্রেন ও ইরানে যুদ্ধের ধরন দ্রুত বদলে যাচ্ছে। তাই সামরিক বাহিনীর পুরোনো কৌশল থেকে বেরিয়ে আধুনিক যুদ্ধের বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে সাবেক আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি।
এর আগে সোমবার ড্রিসকল পদত্যাগ করেন। হেগসেথের সঙ্গে মতবিরোধের কারণেই তার পদত্যাগ বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। টিলিসও ড্রিসকলের চলে যাওয়াকে হেগসেথের অব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে হেগসেথের নেতৃত্ব নিয়ে সমালোচনা বাড়ছে। একই সময়ে মার্কিন সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়টিও উদ্বেগ তৈরি করেছে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়েছে এবং সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।









