দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভে শামিলদের প্রতি পুলিশের আচরণ নিয়ে সমালোচনা চলছে। এরই মাঝে বিক্ষোভকারীদের মধ্যে আহত একজন নারীর মৃত্যুর খবর ঠিক নয় বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিল্লি পুলিশ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে উল্লেখ করে, সামাজিক মাধ্যমে খবর ছড়াচ্ছে যে যন্তর মন্তরের বিক্ষোভকারী একজন নারীর মৃত্যু হয়েছে। এই খবরটি মিথ্যা ও বিভ্রান্তিকর।
“আমরা আপনাদের জানাচ্ছি যে, ওই নারী জীবিত আছেন এবং বর্তমানে তিনি দিল্লির ডা. রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন যে, তার অবস্থা স্থিতিশীল। তিনি এখন বিপদমুক্ত।”
তথ্য যাচাই না করে শেয়ার করার বিষয়ে সতর্ক করেছে পুলিশ।
দিল্লি পুলিশ ওই পোস্টে লিখেছে, নাগরিকদের যাচাই না করা কনটেন্ট শেয়ার না করতে বা গুজব না ছড়াতে অনুরোধ করা হচ্ছে।
সোমবার দিল্লিতে ‘পার্লামেন্ট চলো’ কর্মসূচির সময় পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। পুলিশি অভিযানের সময় ২১ বছরের এক ছাত্রীও গুরুতর আহত হন। তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।









