আরেকটি ঘুরে দাঁড়ানোর গল্প লিখে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে প্রথমে পিছিয়ে পড়ে ৩৩ মিনিটে ৫ গোল করে জিতেছে কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিকে ফিরে আসার গল্পের নায়ক ভিনিসিয়াস জুনিয়র।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বরুশিয়া ডর্টমুন্ডকে ৫-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল। রিয়ালের জালে ৩৪ মিনিটের মধ্যে ২ গোল দেয়া ডর্টমুন্ড ম্যাচের শেষ ৩৩ মিনিটে নিজেরা হজম করেছে ৫ গোল। দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস। একটা করে গোল আন্টোনিও রুডিগার ও লুকাস ভাসকেজের।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি নিয়ন্ত্রণ করা রিয়াল ম্যাচে গোলের জন্য ২৬ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ১০টি। ডর্টমুন্ডের ৮ শটের ৭টি ছিল লক্ষ্যে।
গত মৌসুমে ফাইনালে ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১৫তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার লিগপর্বে মুখোমুখি হয়েছে দল দুটি। জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে নয়ে উঠেছে রিয়াল।
রাতের অন্য ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে তাদের পেনাল্টি মিস ও একাধিক সুযোগ নষ্টের কারণে সাফল্য ছিল বিবর্ণ। ইউক্রেনীয় প্রতিপক্ষ ভুল করে নিজেদের জালে বল পাঠালে জয়ের দেখা পায় মিকেল আর্তেতার দল।
শাখতার দোনেৎস্কের বিপক্ষে ঘরের মাঠে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। তিন ম্যাচে দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগপর্বে চতুর্থ স্থানে উঠে গেল তারা।
এদিকে সাবেক রানার্সআপ পিএসজি ম্যাড়ম্যাড়ে ড্র করেছে। পিএসভি আইন্দোহভেনের বিপক্ষে পার্ক দে প্রিন্সেসে খেলা শেষ হয়েছে ১-১তে। প্রথমার্ধে গোল হজম করে দ্বিতীয়ার্ধে আশরাফ হাকিমির গোল তাদেরকে হার থেকে রক্ষা করেছে। প্রথম দুই ম্যচে হার ও জয় দেখা পিএসজি ৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৭তে।
চ্যাম্পিয়নস লিগে রাতের অন্য ম্যাচে জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে স্টুর্টগার্ট এবং বোলোনিয়াকে ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা।









