র্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক আ. রউফ চৌধুরী মারা গেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রাজধানীর গুলশানে দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
দেশের শিল্পাঙ্গনে পরিচিত মুখ রউফ চৌধুরী ছিলেন র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালকও ছিলেন তিনি।
ডেইলি স্টারের একটি প্রতিবেদনে জানানো হয়, আজ বাদ আসর তার নামাজে জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) স্লোয়ান স্কুল অফ বিজনস থেকে স্নাতক সম্পন্ন করা রউফ চৌধুরী তার ক্যারিয়ার শুরু করেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। বাংলাদেশে দুটি আমেরিকান ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কয়েক বছর রেসিডেন্ট ম্যানেজার ছিলেন তিনি।
পাশাপাশি তিনি বেসরকারি ব্যাংক, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান ছিলেন। দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তোলেন এই শিল্পপতি।









