সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় একজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন। এছাড়াও দেশজুড়ে আহত হয়েছেন আরও প্রায় ৩ শতাধিক।
মঙ্গলবার ১৬ জুলাই সংঘর্ষ চলাকালীন ঢাকা কলেজের সামনে এক যুবক নিহত হন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে বিকেল ৩টা থেকে চট্টগ্রামের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধরে চলা সংঘর্ষে তিনজন নিহত হন।
এছাড়াও সংঘর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত আবু সাঈদ (২২) রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।









