‘এটি এমন একটি খেলা ছিল, যেখানে আমরা কষ্ট করেছি। দুটি শটে তারা(ফ্রান্স) সমতায় ফেরে। আরেকটি পেনাল্টি পায়। তারা গোল করে। ঈশ্বরকে ধন্যবাদ। পরে আমি আমার কাজটি করেছি। আমি যা স্বপ্ন দেখেছিলাম তাই করেছি।’
কাতার বিশ্বকাপের সেরা গোল প্রহরীর পুরস্কার গোল্ডেন গ্লাভস জেতা এমিলিয়ানো মার্টিনেজ কাঁদতে কাঁদতে এভাবেই বলেছেন মনের কথা। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর আবেগের দেয়াল খুলে দিয়েছেন এমি।
মার্টিনেজ বলেছেন, ‘আমি স্বপ্নে যেমনটা দেখেছিলাম, বিশ্বকাপ ফাইনালটা ঠিক তেমনই হয়েছে।’
প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের সুঘ্রাণটা পাচ্ছিল। ৮০ এবং ৮১ মিনিটে কাইলিয়ান এমবাপের লক্ষ্যভেদে ম্যাচে এসেছিল সমতা।
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা আবারও এগিয়ে গেলেও এমবাপে হ্যাটট্রিক করে বসেন। টাইব্রেকারে যায় ম্যাচ। এ সময় মার্টিনেজের মনের ভেতর যা চলছিল তা একবাক্যেই বললেন, ‘পেনাল্টি শুট আউটের সময় আমি শান্ত ছিলাম।’
শান্তই ছিলেন বটে। ম্যাচের মতো দুর্দান্ত সেভ করেছেন টাইব্রেকারেও। আসরজুড়েই যা করেছেন ধারাবাহিকভাবে।









