লেবাননের বিপক্ষে জয়ের লক্ষ্যের কথা একাধিকবার বলেছেন বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা। যদিও প্রতিপক্ষকে কৌশলগত দিক থেকে এগিয়ে রেখেছিলেন। কতটা এগিয়ে সেটি মাঠের লড়াইয়ে হাড়েহাড়ে টের পেল লাল-সবুজের দল। লেবাননের হাসান মাতুকের হ্যাটট্রিকে ৪-০ গোলের বড় পরাজয় নিয়ে দেশে ফিরছে জামাল ভূঁইয়ার দল।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডে ডি-গ্রুপে থাকা বাংলাদেশ ছয় ম্যাচের পাঁচটিতে হারের মুখ দেখল। হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে করেছিল ড্র। সুবাদে এক পয়েন্ট ঝুলিতে ভরে টেবিলের তলানিতে থাকল। টেবিলের তিনে থেকে বাছাইপর্ব শেষ করা লেবানন ৫ পয়েন্ট তুলেছে। বাংলাদেশ ও লেবাননকে এশিয়ান কাপের টিকিট পেতে বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলতে হবে।
আরেক খেলায় ফিলিস্তিনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ছয় ম্যাচের সবকটিতে জেতা অস্ট্রেলিয়া। ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ক্যাঙ্গারুরা এশিয়ান কাপে খেলার যোগ্যতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে। গ্রুপ রানার্সআপ ফিলিস্তিন ৮ পয়েন্ট নিয়ে কেটেছে এশিয়ান কাপের টিকিট। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি প্রথমবারের মতো খেলবে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে।
কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি মাঠে গড়ায়। ২৫ সেকেন্ডের মাথায় তারেক কাজীর ভুলে গোল হজম করতে বসেছিল বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মারমার কাছে ব্যাক পাস দিতে গিয়ে নিজেদের জালে বল জড়াতে বসেছিলেন। যদিও সে যাত্রায় বিপদ ঘটেনি।
প্রতিপক্ষের খেলোয়াড় জিহাদ আইয়ুব ডিফেন্ডার শাকিল হোসেনের জার্সি টেনে ধরেছিলেন। এরপর হাত দিয়ে ধাক্কা দিয়ে তিনি আরেক খেলোয়াড়ের চোখে আঘাত করেন। ডি বক্সের ভেতর এ কাণ্ড ঘটায় পেনাল্টির বাঁশি বাজে। রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে শাকিল দেখেন হলুদ কার্ড। লেবাননের অধিনায়ক হাসান মাতুক পঞ্চম মিনিটে স্পট কিকে লক্ষ্যভেদে দলকে এগিয়ে দেন।
ম্যাচের ১৩ মিনিটে উমর জামানের শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে রক্ষা করেন মিতুল। খানিক পর কাসিমের দূরপাল্লার শটে বল লুফে নেন বাংলাদেশ গোলরক্ষক। ১৫ মিনিটে কর্নারে উড়ে আশা বলে কাসিম সেইনের হেড এক হাতে দারুণভাবে ঠেকান মিতুল। যদিও রেফারি আগেই অফসাইডের বাঁশি বাজান। খানিক পর পাল্টা আক্রমণে রাকিবের ডানপায়ের শট প্রতিহত করেন লেবাননের গোলরক্ষক মোস্তফা মাতার।
ছন্দে থাকা রাকিবের ক্রসে ২১ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে হেড নিতে গিয়ে ঈসা ফয়সালের সঙ্গে হোসেন জেইনের সংঘর্ষ হলে দুজনই মাঠে পড়ে থাকেন। মেডিকেল স্টাফরা তাদের দেখভালের খানিক পর খেলা আবার শুরু হয়। অল্পসময় পর কর্নার কিকের সময় সাদ উদ্দিনকে ফেলে দেয়ায় হলুদ কার্ড দেখেন ওমর চাবান।
দারুণ আক্রমণে ২৯ মিনিটে জামালের পাসে বল পান রাকিব। তার থেকে বল নিয়ে ঈসা ফয়সাল ডি বক্স লক্ষ্য করে শট নিলেও ধরে ফেলেন মোস্তফা। মিনিট খানিক পর কাসেম জেইনের ডানপায়ের জোরাল শট ঠেকান মিতুল। খেলা চলাকালে মাঠে পড়ে যাওয়া হোসেন জেইনকে স্ট্রেচারে করে বাইরে নেয়া হয়। তার বদলে ৪১ মিনিটে নামেন মাহের সাবাহ।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে হাসান মাতুকের ক্রসে বল নিয়ে নাদের মাতারের কোণাকুণি শটে নিশানাভেদে দুই গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে শাকিলের পরিবর্তে মিডফিল্ডার মাসুক মিয়া জনিকে নামান ক্যাবরেরা। বাংলাদেশের ফুটবলারদের গাছাড়া অবস্থার সুযোগ নিয়ে তৃতীয় গোল পায় লেবানন। ফ্রি-কিক থেকে করিম দরবেশের পাসে বল নিয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের বিদায়ী ম্যাচে হাসান মাতুক ৪৯ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান। লাল-সবুজের দল কার্যত তখনই খেলা থেকে ছিটকে পড়ে।
মোরসালিনের ব্যাক পাসে ডি বক্সে থাকা রাকিবের শট পরে অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। গোলের সুবর্ণ সুযোগ ক্যাবরেরার শিষ্যরা হাতছাড়া করেন। দুই মিনিট পর মাহের সাবাহর বাড়িয়ে দেয়া বলে হাসান মাতুক হ্যাটট্রিক পূরণ করেন। এরপর মাতুককে বেঞ্চে বসালে তার ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে। এ সময় লেবাননের সমর্থকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানিয়ে তালি দিতে থাকেন।
জামালের পরিবর্তে ৬৯ মিনিটে শাহরিয়ার ইমন খেলতে নামেন। ৭৭ মিনিটে মোরসালিনের জায়গায় জাতীয় দলের হয়ে কাজেম শাহ কিরমানি খেলতে নামেন। এ সময় আরও মাঠে নামেন বিশ্বনাথ ঘোষ, বেঞ্চে বসেন ঈসা ফয়সাল। ম্যাচের তখন ৮৮ মিনিট, মুজিবর রহমান জনি ফাঁকা পোস্ট পেলেও বাজে শটে বল জালে পাঠাতে পারেননি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে রিমন হোসেনের জায়গায় রফিকুল ইসলাম খেলতে নামেন।
ফিফা র্যাঙ্কিংয়ে ৬৪ ধাপ এগিয়ে থাকা লেবানবের সঙ্গে ছন্নছাড়া ফুটবল খেলা বাংলাদেশ ম্যাচের বাকি সময়ে আর গোল হজম করেনি।









