পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য দুই ক্যাটাগরিতে নাম নিবন্ধন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পিসিবি। যেখানে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছে বাংলাদেশের আট ক্রিকেটারের নাম।
প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে নাম দেয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
১৯ দেশের ৫১০ জন ক্রিকেটার নাম অন্তর্ভুক্ত করেছেন ড্রাফটে। আইপিএলে দল না পাওয়া প্রায় সবাই নাম দিয়েছেন পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে। যদিও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, পিএসএলের ড্রাফটে বাংলাদেশের ৩০-৪০ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। বাকিরা থাকতে পারেন পরের দিকের ক্যাটাগরিতে।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে। অন্যদিকে মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলে আইপিএল। এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি-মার্চে হওয়ায় সেসময়ে পিএসএলের দশম আসর আয়োজন করতে পারবে না পিসিবি। পরিবর্তে তারা ৮ এপ্রিল থেকে ১৯ মের মধ্যে পিএসএল আয়োজন করতে চায়। একই সময়ে বসবে আইপিএলের ১৮তম আসরও।









