মিথ্যা অপপ্রচার চালিয়ে যেন কেউ বিভ্রান্ত করতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার ২৬ জুলাই সকালে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এই কথা বলেন।
কোটা আন্দোলনের সময় সংঘটিত সন্ত্রাসীদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের শাস্তির জন্য সহযোগিতা চান।
এসময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেন্দ্রটির ক্ষয়ক্ষতির পরিমাণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও রাজধানীর রামপুরায় একই প্রাঙ্গণে অবস্থিত বিটিভি ভবন ও বিটিভির প্রধান কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০ নম্বরে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।









