প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ হাজার ৫৫৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ।
শনিবার সকালে গণভবন থেকে সাভারের আশুলিয়া বাজার সংলগ্ন কনস্ট্রাকশন ইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রকল্পটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।
এক্সপ্রেসওয়েটি নির্মাণ সম্পন্ন হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আবদুল্লাহপুর, আশুলিয়া, বাইপাইল এবং ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের সাথে সংযুক্ত করবে এবং রাজধানী থেকে বাইরে দ্রুত প্রবেশ ও প্রস্থান নিশ্চিত হবে। এটি ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী পর্যন্ত সংযুক্ত হবে।
উত্তরবঙ্গসহ ৩০টি জেলার চার কোটিরও বেশি মানুষ এক্সপ্রেসওয়ে থেকে উপকৃত হবে। তা ছাড়া জনগণ ও পণ্য পরিবহনকে সহজ ও দ্রুত করে তুলবে এবং যানজট কমাতে সহায়তা করবে।
এক্সপ্রেসওয়ে প্রকল্পের নথিতে ০ দশমিক ২১৭ শতাংশ দেশের মোট জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রকল্পের মোট ব্যয়ের বেশিরভাগ অর্থায়ন দেবে চীন।








