রাজধানীর ধানমন্ডিতে জয়িতা ফাউন্ডেশন নির্মিত জয়িতা টাওয়ার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক গ্রন্থের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সকাল ১০টায় টাওয়ারের নামফলক উন্মোচনের পাশাপাশি জামদানী গ্যালারি ও জয়িতা মার্কেট প্লেস ই-জয়িতা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে নারী উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন ও তাদের তৈরি দেশি পণ্যের স্টল ঘুরে দেখেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা সে সময় উপস্থিত ছিলেন।
দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসার উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে অত্যাধুনিক সুবিধাসহ জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জয়িতা টাওয়ারে দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত ও প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।
নারী উদ্যোক্তাদের জ্ঞান, দক্ষতা, ব্যবসা ব্যবস্থাপনা ও বিকাশ কৌশল ভিত্তিক প্রশিক্ষণের জন্য ভৌত অবকাঠামোগত সুবিধা রাখা হয়েছে এ ভবনে। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সুবিধা এবং সুপরিসর লবি। জয়িতা ফাউন্ডেশনের সদর দপ্তরও এ ভবনেই হবে।
জয়িতা আইকনিক টাওয়ারে রয়েছে শিশু দিবাযত্ন কেন্দ্র, ডিজাইন সেন্টার, বিউটি পার্লার, নারীদের জন্য জিমনেশিয়াম, নারী ও শিশুদের জন্য সুইমিং পুল, মাল্টিপারপাস হল, সেমিনার হল, ব্যাংক, ফুড-কোর্ট ও ক্যাফে।
বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ২০১১ সালের ১৬ নভেম্বর জয়িতা ফাউন্ডেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর ২০২১ সালের ১ ডিসেম্বর ধানমণ্ডি ২৭ নম্বর রোডে এক বিঘা জমির ওপর ১২তলা জয়িতা টাওয়ার নির্মাণে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১৬৮ কোটি ৪০ লাখ টাকা।









