মেয়েদের টি-টুয়েন্টি এশিয়া কাপে ভারতের বিপক্ষে শোচনীয় হার দেখেছিল পাকিস্তান। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হংকংকে গুঁড়িয়ে দিয়েছেন ফাতিমা সানা-আয়েশা জাফররা। ম্যাচে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন ইতিহাসও লিখেছে দেশটি। প্রথমবার টি-টুয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে ৬ উইকেট নিয়েছেন নাশরা সান্ধু।
দুবাইয়ে টসে জিতে ব্যাটে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ করেছিল পাকিস্তান। ব্যাটাররা লড়াইয়ের রান এনে দিলেও বোলাররা বড় ভূমিকা রাখেন জয়ে। ১৯ ওভারে ৭১ রানে গুটিয়ে যায় হংকং।
হংকংয়ের ১০ উইকেটের ৬টি নেন সান্ধু। ৪ ওভার বল করে খরচ করেন কেবল ৭ রান।। ৪-০-৭-৬, যা এখন পর্যন্ত পাকিস্তানের টি-টুয়েন্টি ইতিহাসে সেরা বোলিং ফিগার। আগে ওমাইমা সোহাইল এবং নিদা দ্বার ৫টি করে উইকেট নিয়েছিলেন। ৪টি করে উইকেট নিয়েছেন পাকিস্তানের বেশ কয়জন বোলার।
১১ তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান। আর সেমির টিকিট নিশ্চিত করতে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নামবে বাংলাদেশের মেয়েরা।









