বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর ও তার পরিবারের সদস্যদের ৩৯টি ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার সকল সম্পদ জব্দেরও আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
এই সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর নামে পরিচিত। তিনি ছাড়াও তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীর ব্যাংক হিসাব স্থগিতের আদেশ দিয়েছেন আদালত।
আদালতসূত্রে জানা যায়, এস কে সুর ও তার পরিবারের সদস্যদের স্থগিত হিসাবগুলোতে মোট তিন কোটি ৯৮ লাখ ৬৪ হাজার টাকা রয়েছে। এছাড়া তাদের দুটি ফ্ল্যাট ও আট শতাংশ জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।









