ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচের আগেই ঘটেছে বড় দুর্ঘটনা। আর্থমাভিং মেশিনের ধাক্কায় স্টেডিয়ামের গেট সংলগ্ন দেয়াল ভেঙে গিয়েছে।
চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়ানোর ৪৮ ঘণ্টারও কম সময় আগে বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খেলা শুরুর আগে ভাঙা দেয়ালের অংশ মেরামত সম্ভব হবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেয়ালের যে অংশটি ধসে পড়েছে, সেটি তিন ও চার নম্বর গেটের মধ্যে এবং স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ারের কাছাকাছি অবস্থিত।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল কর্মকর্তারা জানিয়েছেন, মেরামত কাজের সময় দুর্ঘটনাটি ঘটেছে। যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিগ্রস্ত স্থান মেরামতের চেষ্টা করা হচ্ছে।
দুর্ঘটনার দিন স্থানীয় পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল ক্রিকেটের এই নন্দনকানন পরিদর্শন করে গিয়েছিলেন।
ইডেন গার্ডেন্স ক্রিকেটের অন্যতম সেরা ভেন্যু। শতাব্দী প্রাচীন এই স্টেডিয়াম খেলার অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এবারের বিশ্বকাপে ভেন্যুটিতে হবে পাঁচটি ম্যাচ। শনিবার ডাচদের ও মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এছাড়া ভারত-সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড-পাকিস্তান লড়াইও এ ভেন্যুতেই হবে। দুই সেমিফাইনালের একটি এ মাঠেই গড়াবে।









