নিউইয়র্কে ‘শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ’, শোভাযাত্রা ও বৈশাখী মেলার থিম সং গেয়েছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। দর্পণ কবীরের লেখা গানটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন জে. কে. মজলিশ।
রূপসী বাংলা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কের প্রযোজনায় ঢাকার ফোকাস ষ্টুডিওতে গানটি রেকর্ড হয় বুধবার ১৫ মার্চ সন্ধ্যায়।
এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে নিউইয়র্কে শতকণ্ঠে ১৪৩০ বাংলা বর্ষবরণ, শোভাযাত্রা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ এপ্রিল। এ আয়োজন উপলক্ষে মৌলিক গানটি নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওসহ অচিরেই তা প্রচারিত হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে।
এছাড়াও আরো বিশাল আয়োজন থাকবে নিউইয়র্কের বৈশাখী উদযাপনে। আয়োজক সংগঠনের এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড-এর সভাপতি বিশ্বজিত সাহা জানিয়েছেন, দেশীয় বাদ্যযন্ত্র ব্যবহার করে গানটির সঙ্গীতায়োজন করা হয়েছে। বৈশাখী আয়োজনের সকল উপাদান উপস্থিত আছে এ গানে।
সমৃদ্ধ এ গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী ন্যান্সি।
গানের কাব্যময়তার কারণে এটি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে বলে আয়োজকরা জানান। পাশাপাশি বৈশাখের এ নতুন গানটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির প্রসার ঘটাবে—এই প্রত্যাশা সকলের।









