লক্ষ্যে নেমে সংযুক্ত আরব আমিরাতের বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। বিস্ফোরক ব্যাটিংয়ে ১৭৪ রানের উদ্বোধনী জুটিতে ১৫.২ ওভারে জয় নিশ্চিত করেছে মিচেল স্যান্টনারের দল। যা টি-টুয়েন্টি বিশ্বকাপে যে কোনও উইকেটে রেকর্ড জুটির নজির। কিউইরা জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। টি-টুয়েন্টি বিশ্বকাপে এবারের আসরে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল নিউজিল্যান্ড।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের সংগ্রহ গড়ে আমিরাত। জবাবে কোন উইকেট না হারিয়ে ২৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙরে করে নিউজিল্যান্ড।
১৭৪ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার টিম সেইফার্ট আর ফিন অ্যালেন মিলেই ম্যাচ শেষ করে দেন। যদিও তারা কেউই সেঞ্চুরি পাননি। সেইফার্ট ৪২ বলে ১২ চার আর ৩ ছক্কায় ৮৯ আর অ্যালেন ৫০ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।
টি-টুয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে এর আগের সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল ১৭০ রানের, ২০২২ সালের আসরের সেমিফাইনালে ভারতের বিপক্ষে যে রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস।
এর আগে ব্যাটে নেমে ১২ রানে প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে আমিরাত। ৬ বলে ৮ রান করা ওপেনার আর্যাংশ শর্মা ফেরেন জ্যাকব ডাফির বলে। তবে চাপ সামাল দেন দুই টপ অর্ডার ওয়াসিম ও আলিসান শারাফু। তাদের জুটিতে আসে ১০৭ রান। মিচেল স্যান্টনারের বলে ক্যাচ দিয়ে ফেরেন শারাফু। তার ব্যাট থেকে আসে ৪৭ বলে ৫৫ রান।
২ রানে আরেক মিডল অর্ডার হর্ষিত কৌশিক আউট হলেও অন্য প্রান্ত থেকে ধরে খেলার চেষ্টা করেন অধিনায়ক ওয়াসিম। তার ৪ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৬৬ রানের ভর করেই শেষপর্যন্ত ১৭৩ রানের পুঁজি পায় আমিরাত। মাঝে মায়াঙ্ক কুমার ও শোয়েব খানের ব্যাট থেকে আসে যথাক্রমে ২১ ও ৭ রান।
কিউইদের হয়ে ৩৭ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন ম্যাট হেনরি।









