গত দু’বছর ধরে চেনাজানা। সব ঠিকঠাকই ছিল। কিন্তু তার পরিণতি যে এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, দুঃস্বপ্নেও ভাবেননি মডেল-অভিনেত্রী নেহাল চুডাসামা।
২০১৮ সালের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সমাজমাধ্যমে নেহালের ভয়াবহ স্বীকারোক্তি দেখে স্তম্ভিত তার অনুরাগীরা।
জানা গেছে, টানা দু’বছর ধরে বছর ৪০ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে আলাপ ছিল তার। তার কাছে হেনস্থা হতে হল নেহালকে।
মঙ্গলবার (৪ মার্চ) সেই ঘটনার বিবরণ দিয়ে অভিনেত্রী লিখেছেন, “গত ১৬ ফেব্রুয়ারি আমাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়। বাঁ হাত ও কব্জি মুচড়ে দেওয়া হয়। আমাকে এত জোরে চড় মারা হয়েছিল, কানে তালা পড়ে গিয়েছিল। গালে লাল দাগ হয়ে গিয়েছিল। আমাকে চেপে ধরে ছুড়ে ফেলা হয়েছিল, সারা শরীরে কালশিটে পড়ে যায়।”
শুধু তাই নয়, নেহালের অভিযোগ, ওই ব্যক্তি তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। নেহালের লিখিত অভিযোগের ভিত্তিতে অবশ্য পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। ওই ব্যক্তি এখন পুলিশের জালে।
নেহাল জানিয়েছেন, এমনিতেই ওই ব্যক্তি বেশ সুঠাম দেহের ও চেহারার। হামলার রাতে প্রকাশ্যে রাস্তায় নেহালের গাড়ির সামনের দরজা ভেঙে চুরমার করে দিয়েছিলেন তিনি।
নেহাল বলেছেন, “আমার পিছনে ধাওয়া করা হত। নানাভাবে মানসিক অত্যাচার করা হয়েছে গত কয়েক মাসে। আমি খুব নম্র ভাবেই এই সব বন্ধ করতে বলেছিলাম। কিন্তু খুব জোর দিয়ে বলিনি। তাই ওই ব্যক্তি আরও বেশি করে আমাকে হেনস্থা করতে শুরু করেন। দৈত্যের মতো আমাকে হেনস্থা করেছেন, মৌখিক ও শারীরিক, দু’ভাবেই।”









