আন্তর্জাতিক বিরতির শুরুতে ইউরোপ মেতে উঠেছে নেশনস লিগ নিয়ে। বৃহস্পতিবার রাতে শুরু হয়েছে এবারের আসর। সব টুর্নামেন্টের মতো নরওয়ের হয়ে অতিদানবীয় হয়ে উঠেছেন আর্লিং হালান্ড। তার জোড়া গোলে ডেনমার্ককে ৩-২ গোলে হারিয়েছে নরওয়ে। জার্মানি ও নেদারল্যান্ডস লড়াই শেষ মুহূর্তের নাটকীয়তায় ১-১ গোলে ড্র হয়েছে। ওয়েলসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পর্তুগাল, সার্বিয়ার বিপক্ষে ২-১ গোলে গ্রিস এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে কসোভো।
রাত ছিল ইয়ূর্গেন ক্লপ এবং জাভি হের্নান্দেজের পরীক্ষার প্রথম ধাপ। শেষ বিশ্বকাপের পর জার্মান কোচ ক্লপ দায়িত্ব নেন নিজ দেশের, আর স্প্যানিয়ার্ড কোচ জাভি দায়িত্ব নেন নেদারল্যান্ডসের। দুদলই নেমেছিল নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে। ঘরের মাঠে এগিয়ে ছিল ডাচরা। শট এবং বল দখলে আধিপত্য দেখায় তারা। কিন্তু প্রথম সাফল্য আসে জার্মানির। ৩২ মিনিটে ফেলিক্স নেমেচার গোলে এগিয়ে যায় তারা। পরে আক্রমণাত্মক খেলতে থাকে জাভির শিষ্যরা। ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে কোডি গ্যাকপোর গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। হয় পয়েন্ট ভাগাভাগি।
ঘরের মাঠে ৫ গোলের এক ম্যাচ খেলেছে নরওয়ে এবং ডেনমার্ক। জোড়া গোল করেছেন হালান্ড। ম্যাচের ১৪ মিনিটে অস্কার ববের গোলে এগিয়া যায় নরওয়ে। ১৮ মিনিটে ব্যবধান দিগুণ করেন গোলমেশিন হালান্ড। ২৫ মিনিটে ডেনমার্কের ব্যবধানে কমান মিকেল ডামসগার্ড। ৬০ মিনিটে রাসমুস হয়লুন্ডের গোলে সমতায় ফেরে ডেনিশরা। ৭৪ মিনিটে নরওয়েজিয়ানদের জয়সূচক গোলটি করেন হালান্ড। ৯০ মিনিট শেষে যোগ করা সময় নরওয়ের ডেভিড মোলার উলফ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটে নুনো মেন্ডেসের পাসে গোল করেন জোয়াও ফেলিক্স, লিড নেয় পর্তুগাল। ম্যাচের ৬৭ মিনিটে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচেজুড়ে সবচেয়ে বেশি ৭টি শট এবং ২টি লক্ষ্য বরাবর শট নেন ৪১ বর্ষী পর্তুগিজ মহাতারাকা।
এদিকে ঘরের মাঠে চার মিনিটের মাথায় আন্দ্রিজা জিভকোভিচের গোলে লিড নিয়েছিল সার্বিয়া। গ্রিসের বিপক্ষে ম্যাচ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। শেষ মুহূর্তের গ্রিকদের আক্রমণাত্মক ফুটবল, ৭৪ মিনিটে সমতায় ফেরান ক্রিস্টোস জোলিস। ৯০ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি করেন আনাস্তাসিওস ডুভিকাস।
আরেক ম্যাচে কসোভোর ঘরে ম্যাচের ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেন স্বাগতিকদের ভেদাত মুরিকি। সেই গোলে আয়ারল্যান্ডকে হারা তারা।
শুক্রবার রাতে নেশনস লিগে বাংলাদেশ সময় ১২:৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই শক্তিশালী ইতালি এবং বেলজিয়াম। অন্য ম্যাচে তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। বসনিয়ার বিপক্ষে নামবে পোল্যান্ড। সুইডেন খেলবে রোমানিয়ার বিপক্ষে এবং হাঙ্গেরির বিপক্ষে খেলবে ইউক্রেন।









