বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার নাফিস ইকবালের মেয়ে স্কুল টুর্নামেন্টে গোল্ডেন বুট জিতেছেন। কন্যার স্কুল চ্যাম্পিয়ন ও গোল্ডেন বুট জেতায় গর্বিত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ট্রফি ও গোল্ডেন বুটের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন। নাফিসের পোস্টটি হুবহু তুলে ধরা হল-
‘আলহামদুলিল্লাহ…’
‘আইএইচএসবি সুপার কাপ স্কুল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্লেপেন স্কুলকে অভিনন্দন, সাবাস আমার রাজকন্যা। তুমি আমাকে এমন একটি খেলায় অবিশ্বাস্যভাবে গর্বিত করেছ, যে খেলাটি তোমার দাদা ভীষণ ভালোবাসতেন। এই অর্জন দেখলে তিনি আনন্দে আত্মহারা হতেন।’
মেয়ের গোল্ডেন বুট জেতা নিয়ে নাফিস বলেছেন, ‘গোল্ডেন বুট জেতা একটি অসাধারণ অর্জন এবং ফাইনালে গোল করা এটিকে আরও বেশি বিশেষ করে তুলেছে। তোমার কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং আবেগ আমাদের জন্য অপরিসীম গর্ব ও আনন্দ বয়ে এনেছে।’
‘যাইহোক, এটা দেখে খুব ভালো লাগছে যে, তুমি তোমার ব্যক্তিগত অর্জন গোল্ডেন বুটের চেয়ে দলের অর্জন—চ্যাম্পিয়ন্স ট্রফিকে— বেশি মূল্যায়ন করেছ। এটি একজন সত্যিকারের ক্রীড়াবিদের মানসিকতারই প্রতিফলন।’
কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘বড় স্বপ্ন দেখতে থাকো, কঠোর পরিশ্রম চালিয়ে যাও এবং প্রতিটি পদক্ষেপে আরও উজ্জ্বল হয়ে ওঠো। আমার ভালোবাসা, সমর্থন এবং শুভ কামনা সবসময় তোমার সাথে থাকবে।’









