যুক্তরাষ্ট্রের আলাস্কার রাতের আকাশে একটি উজ্জ্বল আলোর রহস্যময় ঘোরাফেরা দেখা গেছে। যারা এটি দেখেছিলেন, তাদের কাছে এটি ছিল অদ্ভুত এবং আকর্ষণীয়। তারা এটিকে নর্দার্ন অরোরার (নর্দার্ন লাইট) চেয়ে বেশি কিছু ভেবেছিলেন।
“আমাদের কোন ধারণা ছিল না কী ঘটছে, ‘ওহ আমার ঈশ্বর, আমরা কি একটি ইউএফও (এলিয়েনের মহাকাশ যান) দেখছি? এটা কী ঘটছে?'” একজন প্রত্যক্ষদর্শী তালিয়া ম্যাকডোনাল্ড এভাবেই তার নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি শনিবার সকালে উত্তর ইউকনের দূরবর্তী ডেম্পস্টার হাইওয়েতে রহস্যময় আলোকরশ্মি দেখতে পান।

তিনি বলেন, “এটা ভীতিকর ছিল, কারণ আমরা তখন হাইওয়েতে ছিলাম।”
তারা দেখেছিলেন, আলোর একটি উজ্জ্বল নীল-সাদা সর্পিল রেখা অদৃশ্য হওয়ার আগে শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠছে। ম্যাকডোনাল্ডের অনুমান তারা প্রায় দুই মিনিট ধরে আলোটি দেখতে পেয়েছিলেন।
তারা ভাবছিলেন এটি কোন এলিয়েনদের মহাকাশযান কিনা।
তবে পদার্থবিদরা বলেছেন, এই রহস্যময় আলোর উৎসটি স্পেসএক্স রকেট থেকে ছিটকে আসা অব্যবহৃত জ্বালানীর মেঘ হতে পারে।
আলাস্কা বিশ্ববিদ্যালয়ের একজন পদার্থবিদ ডন হ্যাম্পটনের মতে, অরোরা বোরিয়ালিসের সাথে (নর্দার্ন লাইট) এর কোনো সম্পর্ক ছিল না। তিনি বলেন, উজ্জ্বল বর্ণালী ঘূর্ণায়মান আলোর সৃষ্টি হতে পারে স্পেসএক্স রকেট থেকে। কারন, একটি স্পেসএক্স রকেট কয়েক ঘন্টা আগে ক্যালিফোর্নিয়ার একটি ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
রকেটটি আলাস্কার উপর দিয়ে এটির দ্বিতীয় কক্ষপথে যাওয়ার কথা ছিল।









