যুক্তরাষ্ট্রের আলাবামায় ৩২ বছর বয়সী এক নারী ১০ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের জন্ম দিয়েছেন। ওই নারীর দেহের দুটি জরায়ু থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি মেয়ে শিশুর জন্ম হয়েছে যা খুবই বিরল ঘটনা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, কেলসি হ্যাচার নামের ওই নারী বার্মিংহাম হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে প্রথম মেয়ে শিশুর জন্ম দেন। এর ১০ ঘণ্টা পর বুধবার সকাল ৬টা ৯ মিনিটে তার দ্বিতীয় মেয়ে শিশুটি জন্ম নেয়।
এই বিষয়ে হ্যাচার সামাজিক মাধ্যমে ঘটনাটিকে ‘অলৌকিক’ বলে অব্যাহিত করেন এবং চিকিৎসকদের পরিশ্রমের প্রশংসা করেন। হ্যাচার এর আগেও তিন সন্তানের জন্ম দিয়েছেন। তবে এবার গর্ভবতী হওয়ার পর যখন তিনি আল্ট্রাসাউন্ড করেন তখন ডাক্তাররা জানান যে, তার দুই জরায়ুতে দুটি ভ্রুণ রয়েছে।
হাসপাতালের একজন প্রসূতি বিশেষজ্ঞ জানিয়েছেন, এটি খুবই বিরল ঘটনা। মা এবং শিশুরা সুস্থ আছেন। আমি এরকম কিছু কখনোই দেখিনি। ১৭ বছর বয়সেই হ্যাচার জানতে পারেন, তার দুটি জরায়ু আছে যা খুবই বিরল। মাত্র দশমিক ৩ শতাংশ নারীর সাথে এমন কিছু হয়। এটি এক ধরণের জন্মগত অসঙ্গতি এবং একসাথে দুটি জরায়ুতে আলাদা সন্তান জন্মদান আরো বিরল ঘটনা।









