ফিলিস্তিনের মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে গাজার দেইর আল-বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরায়েলি যুদ্ধবিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই স্কুলটি বর্তমানে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। সেখানে অনেক রোগী এবং আহত মানুষ চিকিৎসাধীন ছিলেন। এই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই শিশু।
ইসরাইলের এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলটি হামাসের একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিলো ও স্কুলটি সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালাতে এবং অস্ত্রের ভাণ্ডার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এটি অভিযানের আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছিল।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৯ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজারের অধিক আহত হয়েছে। অপরদিকে, হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দী করা হয়েছিল।









