চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট। বাংলাদেশকে জিতিয়েছেন ১০১ রানে। আরও একবার গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠতে পেরে খুশি তাইজুল। সঙ্গে নিজেদের বোলিং আক্রমণের প্রশংসা করলেন তারকা স্পিনার।
কিংসটন টেস্টে শেষ ইনিংসে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে ৫০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। ক্যারিয়ারে ১৫বার এই স্বাদ পেলেন। ব্যাটে প্রথম ইনিংসে ১৩০ মিনিট ও দ্বিতীয় ইনিংসে ৮০ মিনিট ক্রিজে কাটান তিনি। বড় ইনিংস খেলতে পারেননি। তবে ৬৬ বলে ১৬ ও ৫০ বলে ১৪ রানের ইনিংস দুটি ম্যাচের প্রেক্ষাপটে ছিল মূল্যবান। ম্যাচসেরায় তাকে বেছে নেয়ার কারণ হিসেবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও গণনায় ছিল।
ম্যাচ শেষে তাইজুল বলেছেন, ‘বাংলাদেশ দলের জন্য এটি একটি বড় অর্জন। দলে বেশকিছু তরুণ খেলোয়াড় ছিল। কেউ কেউ ৮-১০ বছর ধরেও খেলছে। তবে বেশির ভাগই ছিল তরুণ। সবার মধ্যেই ম্যাচ জয়ের একটা তাড়না ছিল। অবশেষে ম্যাচটি জিততে পেরেছি। সবাই যে পরিশ্রমটা করেছে সেটা ছিল অসাধারণ।’
‘আমার বোলিং নিয়ে বলতে গেলে, অবশ্যই আমি সন্তুষ্ট। দলের যখন যেটা চাওয়া ছিল আমার মনে হয় সেটা পূরণ করতে পেরেছি। যখন আমরা দ্বিতীয় ম্যাচের চতুর্থ ইনিংসে এসেছি, তখন আসলে আমার উপর দলের একটা চাওয়া ছিল। আমার মনে হয় সেটা সফলভাবে করতে পেরেছি। অনেক ভালো অনুভূতি হচ্ছে।’









