পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জয়ে দেশের মানুষ আনন্দে ভাসছে। দ্বিতীয় ম্যাচে যার ভিত্তি গড়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সিরিজসেরা মেহেদী হাসান মিরাজ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ওই জুটির সময় যে আলোচনা হয়েছিল সেটা তুলে ধরেন ২৬ বর্ষী মিরাজ।
লিটনের সাথে জুটি নিয়ে মিরাজ বললেন, ‘আমি সেসময় কিছুটা নার্ভাস ছিলাম। আমি যখন ব্যাটিংয়ে নামলাম, আমার পার্টনারের সাথে আলোচনা করছিলাম এবং সে আমাকে শান্ত থাকতে বলে, ইতিবাচক ক্রিকেট খেলার জন্য বলেছিল।’
‘আমরা যখন ব্যাটিংয়ে নামি, তখন আমরা ৬ উইকেট হারিয়ে বসি, সেটা আসলে আমাদের হাতে ছিল না। তবে ভালো কিছু বল পাওয়ার পর ভালো কিছু শট খেলার আলোচনা আমাদের মাঝে চলছিল এবং সেখানে থেকে ভালো অবস্থানে যেতে পারব বলে আমাদের মনে হয়েছিল।’
নিজের এমন দারুণ পারফর্মের কারণ হিসেবে মিরাজ বললেন, ‘আমি সবসময় ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করি। এমন মাঠে খেলা আসলে বেশ কঠিন, সবসময় ইতিবাচক চিন্তা করি। কখনও নেতিবাচক চিন্তা করি না। কারণ নেতিবাচক চিন্তা করলে পারফর্ম করা যায় না। সবসময় আত্মবিশ্বাসী থাকার চেষ্টা করি।’









