ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে শেষ করল বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়েছে ৫-২ গোলে। তবে একটুর জন্য জায়গা করে নিতে পারল না যুব বিশ্বকাপে।
আসরে শীর্ষ ছয় দল জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মঞ্চে। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে ৬-২ গোলে হেরে স্বপ্ন ভেস্তে যায় বাংলাদেশের। তবে শেষটি দুর্দান্ত এক জয়েই করল লাল-সবুজের দলটি।
শনিবার ম্যাচের ষষ্ঠ মিনিটে বাংলাদেশকে লিড এনে দেন মুন্না ইসলাম। প্রথম কোয়ার্টারে মাই-কে লিয়ের গোলে সমতায় ভেরে চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে মোহাম্মদ রিফাতের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ।
তৃতীয় কোয়ার্টারে আবারও সমতায় ফেরে চাইনিজ তাইপে, গোল করেন ইউ-চেং চাং। এরপর তৈয়ব আলীর গোলে আবারও লিড নেয় বাংলাদেশ। শেষ কোয়ার্টারে নিজের দ্বিতীয় গোলটি করেন রিফাত এবং বাংলাদেশের পঞ্চম গোলটি এনে দেন মগাম্মদ আব্দুল্লাহ।









