ইউরোপের ক্লাব ফুটবলের মৌসুম মাঝপথে থাকলেও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) মৌসুম কেবল শুরু হচ্ছে। নতুন মৌসুম শুরুর আগে চলছে ক্লাবগুলোর মধ্যে প্রীতি ম্যাচ। ইন্টার মিয়ামি জার্সিতে নতুন বছরে প্রথমবার মাঠে নেমেই জালের দেখা পেয়েছেন লিওনেল মেসি। পরে নাটকীয় টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতেছে হাভিয়ের মাশ্চেরানোর দল।
যুক্তরাষ্ট্রের অ্যালিগ্যান্ট স্টেডিয়ামে রোববার সকালে ক্লাব আমেরিকার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-২ গোলে সমতার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। নতুন বছরে প্রথমবার নেমে জালের দেখা পেয়েছেন ৩৭ বর্ষী মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি গোল পেলেও হারের শঙ্কায় ছিল দল। শেষ মুহূর্তে গোল করে হার ঠেকিয়ে টাইব্রেকারে নেন টমাস আভিলেস।
এদিন মাঠে আধিপত্য ছিল ক্লাব আমেরিকারই। ৬৫ শতাংশ সময় বল তাদের দখলে ছিল। গোলেও শট নিয়েছে বেশি। ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে মেসিবাহিনী ৫টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখতে পারে।
৩১ মিনিটে হেনরি মার্টিনের গোলে এগিয়ে যায় ক্লাব আমেরিকা। সমতায় ফেরাতে সময় নেননি মেসি। তিন মিনিট পর সুয়ারেজের ভাসানো বলে গোলপোস্টের কাছ থেকে মাথা ছুঁইয়ে সাফল্য আনেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। ২০২৫ সালে এটি তার প্রথম গোল, মিয়ামির হয়ে ৩৫তম।
৫২ মিনিটে ইসরায়েল রেইসের গোলে ফের এগিয়ে যায় ক্লাব আমেরিকা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এসে মিয়ামিকে বাঁচান টমাস আভিলেস। ২-২ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
এরপর টাইব্রেকারে দুদল মিলিয়ে ১২টি শট নিয়েছে, গোল হয়েছে মোটে ৫টি। সেখানে ইন্টার মিয়ামি ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে।









