চলতি মৌসুমে একদমই ধারাবাহিক নয় ম্যানচেস্টার সিটি। শুরটা দারুণ করলেও মাঝপথে হঠাৎ ছন্দ পতন হয়। হারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা সিটি বিদায় নিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন লিগ থেকে, শঙ্কা জেগেছে পরের মৌসুমে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করা নিয়েও। ব্রাইটনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে লিগের শেষ ৯ ম্যাচকে শেষ ভরসা হিসেবে দেখছেন কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার জয়ে ফেরার লক্ষ্যে নেমে উল্টো দ্বিতীয়ার্ধে ভীষণ চাপে পড়ে যায় স্বাগতিক ম্যানসিটি। শুরুতে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ২-২তে ড্র করে।
ম্যাচ শেষে স্পেনিয়ার্ড কোচ গার্দিওলা বলেছেন, ‘শেষপর্যন্ত, আমি তাই মনে করি। বাকি নয়টি খেলা, নয়টি ফাইনাল। দল নিয়ে আমি সবসময় আত্মবিশ্বাসী। যেহেতু দলটির শিক্ষক, সবকিছুতেই ইতিবাচকতা খুঁজে পাই। এও জানি শেষ নয় ম্যাচে জেতা কঠিন হবে।’
এই ম্যাচ দিয়ে গোল খাওয়ার বিব্রতকর এক রেকর্ডও গড়েছে সিটি। চলতি মৌসুম এপর্যন্ত ৪০ গোল হজম করেছে ক্লাবটি। কোচ গার্দিওলার অধীনে লিগে যা এক মৌসুমে সর্বোচ্চ।
ড্রয়ে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিলের পাঁচে আছে সিটি। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে সাতে আছে ব্রাইটন। সিটির চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৯ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।









