দীর্ঘ ১০ বছর পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন ‘স্কুইড গেম’ দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা নির্মাতা হোয়াং ডং-হিয়ক। তার নতুন ছবির নাম ‘কে.ও. ক্লাব’। আর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি বিয়ং-হুন।
প্রযোজনা প্রতিষ্ঠান ফার্স্টম্যান স্টুডিও জানিয়েছে, ‘কে.ও. ক্লাব’-এর গল্প আবর্তিত হবে ভবিষ্যতের এমন এক পৃথিবীকে ঘিরে, যেখানে অর্থের বিনিময়ে তারুণ্য কেনা সম্ভব। ফলে সমাজে তৈরি হয় বিপুল সম্পদ ও ক্ষমতার অধিকারী বয়স্ক প্রজন্ম এবং সুযোগবঞ্চিত তরুণ প্রজন্মের মধ্যে তীব্র সংঘাত।
সিনেমাটির নাম ‘কে.ও. ক্লাব’ এসেছে ‘কিলিং ওল্ডমেন ক্লাব’ থেকে। গল্পে একদল ক্ষমতাবান ও ধনী প্রবীণ নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া, অন্যদিকে তরুণ প্রজন্ম ক্রমেই হারিয়ে ফেলছে অর্থনৈতিক ও সামাজিক সুযোগ। এই প্রজন্মগত দ্বন্দ্বই সিনেমাটির অন্যতম প্রধান বিষয়।
‘কে.ও. ক্লাব’-এর মধ্য দিয়ে প্রায় এক দশক পর বড় পর্দার সিনেমা পরিচালনায় ফিরছেন হোয়াং ডং-হিয়ক। তার সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল ২০১৭ সালের ‘দ্য ফোর্ট্রেস’। মজার বিষয়, সেই সিনেমাতেও অভিনয় করেছিলেন লি বিয়ং-হুন!
লি বিয়ং-হুন ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ওহ জং-সে, চো ইয়ো-জিয়ং, পার্ক হে-সু ও কিম সো-জিন। এর মধ্যে পার্ক হে-সুও ‘স্কুইড গেম’-এর প্রথম মৌসুমে হোয়াং ডং-হিয়কের সঙ্গে কাজ করেছিলেন।
‘স্কুইড গেম’-এর মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পাওয়া হোয়াং ডং-হিয়কের নতুন সিনেমা নিয়ে তাই শুরু থেকেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে ‘স্কুইড গেম’-এর পর আবারও লি বিয়ং-হুনকে নিয়ে তার নতুন কাজ দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
‘কে.ও. ক্লাব’-এর শুটিং শুরু হওয়ার কথা ২০২৭ সালের প্রথমার্ধে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নাকি ওটিটি প্ল্যাটফর্মে- এ বিষয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। কোরিয়ান হেরাল্ড









