বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইরাকের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করলো আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটি প্রথমবার অংশগ্রহণ করে শুরুর দিনে সুবিধা করতে পারেনি।
সোমবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে দিনের তৃতীয় ম্যাচে মেসির দেশের কাবাডি দলটি হেরেছে ৫৬-২৮ ব্যবধানে। দারুণ খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইরাকের হাসান ফাইজ।
প্রথমার্ধে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় ইরাক। আর্জেন্টিনা তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি, পরে ৩৪-১৩ পয়েন্টে শেষ হয় খেলার প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আরও প্রভাব বিস্তার করে খেলতে থাকে ইরাক। পরে অবশ্য খুব বেশি পয়েন্ট ব্যবধান তৈরি করতে পারেনি তারা। শেষপর্যন্ত ৫৬-২৮ পয়েন্টের জয়ে সন্তুষ্ট থাকতে হয় ইরাকিদের।
এরআগে উদ্ধোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৫০-২২ পয়েন্টে হারায় পোল্যান্ডকে। দিনের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান রানার্সআপ কেনিয়াকে ৪৫-৪০ ব্যবধানে হারায় প্রথমবার অংশগ্রহণ করা চাইনিজ তাইপে।
টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। আর্জেন্টিনা, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, ইরাক, কেনিয়া, ইংল্যান্ড, পোল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ। এবারই প্রথম অংশ নিচ্ছে চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।
আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসরটিকে এশিয়া অঞ্চলের কোয়ালিফায়ার হিসেবেও গণ্য করা হবে। অংশ নিতে চলা এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা দুটি দল সরাসরি ২০২৪ কাবাডি বিশ্বকাপে খেলবে।









