বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান ফিজিও ও পুনর্বাসন ম্যানেজার জুলিয়ান ক্যালেফাতো চাকরি ছেড়ে যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রী’র পাশে থাকতে চান তিনি। সঙ্গত কারণেই জুলিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।
টাইগার ক্রিকেটারদের সঙ্গে ভালো কাজের জন্য তাকে ধন্যবাদ ও সুন্দর আগামীর প্রত্যাশা জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। রিহ্যাব সেন্টারের জন্য খোঁজা হচ্ছে নতুন কাউকে।
২০১৯ সালের সেপ্টেম্বরে বিসিবির সঙ্গে যুক্ত হন ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি।
২০২১ সালের নভেম্বরে চাকরি ছেড়ে দিয়েছিলেন। করোনার সময়ে জৈব সুরক্ষা বলয়ে থাকতে থাকতে হাঁপিয়ে ওঠার কারণে সেসময় চাকরি ছেড়েছিলেন। গত জানুয়ারিতে আবারও বিসিবির সঙ্গে যুক্ত হন।
ফিজিও হিসেবে বেশ অভিজ্ঞ জুলিয়ান। আগে গ্লুচেস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব এবং সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলের সঙ্গে কাজ করেছেন।









