জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, এখন আমাদের দায়িত্ব এই উদ্যোগগুলো বাস্তবায়ন করা। গত ১৬ বছরে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করেছি, কিন্তু জাপান সবসময় আমাদের পাশে থেকেছে।
আজ ৩০ মে শুক্রবার আয়োজিত এই সেমিনারে ছয়টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও জাপান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই উদ্যোগ শুধু বিনিয়োগ নয়, মানুষের জীবনমান উন্নয়নের একটি সুযোগ।
জাপানের উপমন্ত্রী শিনজি টেকুচি জানান, বর্তমানে বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে, যা এক দশকে প্রায় দ্বিগুণ। তিনি বাংলাদেশকে জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ছয়টি খাতে সই হওয়া এসব সমঝোতা স্মারক পারস্পরিক বিনিয়োগ ও সহযোগিতা আরও দৃঢ় করবে। সই হওয়া ছয় চুক্তির মধ্যে রয়েছে-
- শক্তি খাত: জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন ও বাংলাদেশের শক্তি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী, শক্তি খাতে প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা জোরদার করা হবে।
- শিল্প উন্নয়ন: অনোডা ইনক ও বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে জমি লিজ সংক্রান্ত চুক্তির মাধ্যমে বিএসইজেডে নতুন উৎপাদন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শুরু হবে।
- পোশাক খাত: নক্সিস কোং লিমিটেড ও বিএসইজেডের মধ্যে জমি লিজ ভিত্তিক চুক্তির মাধ্যমে পোশাক শিল্পের আনুষঙ্গিক উপকরণ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
- সবুজ প্রযুক্তি: গ্লেফিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি বাংলাদেশে ব্যাটারি-চালিত সাইকেল ও ই-বাইক তৈরির কারখানা স্থাপনে সম্মত হয়েছে, বিআইডিএ-এর সহায়তায়।
- ডিজিটাল নিরাপত্তা: সিফার কোর কো. লিমিটেড বাংলাদেশে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগে তথ্য নিরাপত্তা জোরদার এবং কোয়ান্টাম-সহনশীল অর্থনৈতিক কাঠামো গঠনে একটি পাইলট প্রকল্প চালু করবে।
- প্রযুক্তিগত সহায়তা: জাইকা ও বিআইডিএ-এর মধ্যে সই হওয়া চুক্তি অনুযায়ী, ইনটিগ্রেটেড সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে কারিগরি সহায়তা দেবে জাইকা।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, জাপানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী শিনজি টেকুচি, জেট্রো ও জেবিসিসিইসি-র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে জেট্রোর চেয়ারম্যান নরিহিকো ইশিগুরো, জেবিসিসিইসি’র চেয়ারম্যানসহ জাপানের শীর্ষ ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতিতে বিনিয়োগ প্রসারে আগ্রহ প্রকাশ করেন।









