এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাথে চুক্তিবদ্ধ হয়েছে আইস্ক্রিন।
ভারতের বিপক্ষে বাছাইয়ের আগে নেপালের সঙ্গে ১৩ নভেম্বর একটি প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।এরপর ১৮ নভেম্বর মুখোমুখি হবেন ভারতের। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় গড়াবে ম্যাচ দুটি।
বাংলাদেশ-হংকং ম্যাচ সরাসরি দেখানোর সফলতার পর এ পদক্ষেপ নিলো আইস্ক্রিন। এমন উদ্যোগ ফুটবলকে মানুষের কাছে আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে বাফুফে।
বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেছেন, ‘আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আইস্ক্রিনকে ধন্যবাদ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ফুটবল ম্যাচ প্রতিটি ঘরেই দেখার ব্যবস্থা করা উচিত। সেই লক্ষ্যে আমরা যত সহজ মাধ্যম পাচ্ছি তাদের সঙ্গেই এধরনের চুক্তি করছি। সেই লক্ষ্যে আইস্ক্রিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা তাদের স্বাগত জানাই। আমার বিশ্বাস এই মাধ্যমে প্রচুর মানুষ খেলা উপভোগ করতে পারবে।’
‘এই ম্যাচটি আমাদের আবেগের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ খেলা। যেহেতু ভারত আমাদের প্রতিবেশী দেশ। আমাদের বিশ্বাস যে আইস্ক্রিনের মাধ্যমে প্রচুর সমর্থক খেলা দেখতে পারবে।’
দেশ-বিদেশের যেকোনো স্থান থেকে বাংলাদেশ-ভারত ম্যাচটি যেন সবাই দেখতে পায় সে প্রচেষ্টাই আইস্ক্রিনের, বলছেন প্ল্যাটফর্মটির ভারপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টর অনিক ধর। বলেছেন, ‘আইস্ক্রিন এবং ইমপ্রেস টেলিফিল্ম অনেক বছর ধরে কাজ করছে সবধরনের কন্টেন্ট সাধারণ মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারে। সে লক্ষ্যে আমারা বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। তাতে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে মানুষ হাই রেজ্যুলেশনে এই ম্যাচটি মানুষ দেখতে পারবে।’
ফুটবলের ম্যাচ দুটি ছাড়াও এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও কাতারের দোহায় আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আইস্ক্রিন।









