যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা এ হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রকাশিত এক ভিডিওতে মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ হুমকি দেন।
তিনি বলেন, সংঘাত যখন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তখন নতুন করে যুদ্ধ শুরু হলে এর ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত এরও বাইরে পৌঁছাতে পারে।
সাফাভি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা শুরু করলে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করেছে।
এ সময় তিনি লোহিত সাগরের উপকূলীয় এলাকায় হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও প্রশংসা করেন।
সাফাভি আরও বলেন, এখানে আমাকে স্পষ্ট করে বলতে হচ্ছে, আমেরিকানরা যদি নতুন করে যুদ্ধ শুরু করে, তাহলে তাদের চোখের সামনেই লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিকেন্দ্রিক একটি নতুন ফ্রন্ট খুলে যেতে পারে।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা নিয়ে উত্তেজনা চলছে। এর আগে ইরান জানিয়েছিল, নতুন করে হামলা হলে তারা যুদ্ধের ধরন ও ভৌগোলিক পরিসর পরিবর্তন করতে পারে।









