বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হচ্ছে আসছে মার্চে। আসর চলবে প্রায় মে মাস জুড়ে। উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন হবে কলকাতায়।
নভেম্বরের মেগা নিলামের আগে আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিদের সাথে পরবর্তী তিন মৌসুম (২০২৫-২৭) শুরুর সময় ঠিক করে নিয়েছিল। ২০২৫ সালের জন্য সেটি ১৫ মার্চ থেকে ২৫ মে’র মধ্যে নির্ধারণ করা হয়েছিল।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ পড়ায় আসর শুরুর সময় দুই সপ্তাহ ব্যবধানের কাছাকাছি রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ২১ মার্চ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। এ মাসের শেষদিকে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে।
নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন দল উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের আয়োজন করবে। ম্যাচ দুটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে, যা কেকেআরের ঘরের মাঠ। আসরে মোট ম্যাচ হবে ৭৪টি।
বিসিসিআই মেয়েদের আইপিএলের জন্য দুটি নতুন স্টেডিয়াম যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। মুম্বাই ও বেঙ্গালোরের পাশাপাশি এবছর বরোদা ও লক্ষ্ণৌতেও হবে ডব্লিউপিএল। প্রতিটি ভেন্যুতে ম্যাচের সঠিক সংখ্যা জানানো হয়নি, কারণ সময়-সূচি এখনও প্রকাশ করা হয়নি।









